‘দেশবিরোধী’ বা ‘মিথ্যা’ সংবাদ প্রচার করলে পোর্টাল বন্ধ করে দেয়া হবে : তথ্যমন্ত্রী
কোনো অনলাইন পোর্টালের বিরুদ্ধে দেশবিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো অনলাইন সংবাদপত্রের বা অনলাইনভিত্তিক পের্টালে ‘দেশবিরোধী’ সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ গ্রহণ করা হবে।
তথ্যমন্ত্রী জানান, অনলাইন গণমাধ্যমে দেশবিরোধী খবর বা ভুয়া বা বিকৃত তথ্য এবং গুজব তদারকি ও এর সত্যতা যাচাই বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ‘ফ্যাক্ট চেক’ করে এবং অসত্য বা ভুল সংবাদ চিহ্নিত করে এ ব্যাপারে সামাজিক মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচার করা হয়।
মন্ত্রী জানান, সরকার ১৭৯টি অনলাইন নিউজ পোর্টাল এবং ১৭৭টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালের মধ্যে ১৫৫টির নিবন্ধন দিয়েছে। একই সময়ে ১৫টির মধ্যে ১৪টি টিভি চ্যানেলের অনলাইন পোর্টালকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে।
সরকারি দলের অপর সংসদ সদস্য নজরুল ইসলামের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ জানান, “উদার সম্প্রচার নীতিমালার কারণে বর্তমান সরকার বেসরকারি খাতে ৪৮টি টেলিভিশন চ্যানেল, ১৪টি আইপি টিভি এবং ৩৬৭ টি নিউজ পোর্টলের অনুমতি দিয়েছে।”
এছাড়াও জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় খুবই আন্তরিক। প্রিন্ট মিডিয়ায় স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে এ সরকার কোনো রকম হস্তক্ষেপ করছে না এবং এই সেক্টরের মান উন্নয়নের লক্ষ্যে নানামুখী কার্যক্রমগ্রহণ অব্যাহত রেখেছে।”







